
বিশ্বকাপ ফাইনালের হতাশা পেছনে ফেলে আবার অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি। ফাইনাল শেষ হওয়ার ১০ দিন পর ফ্লোরিডার ফোর্ট লডারডেলে ইন্টার মায়ামির অনুশীলন কেন্দ্রে যোগ দিয়েছেন ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন তারকা।
ইএসপিএনের তথ্য অনুযায়ী, বুধবার তিনি সতীর্থ লুইস সুয়ারেসের সঙ্গে হাসিমুখে পূর্ণোদ্যমে অনুশীলনে অংশ নেন।
বিশ্বকাপের ফাইনালের পর প্রায় এক সপ্তাহ নিজ শহর রোজারিওতে পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন মেসি। সে সময় অসুস্থ বাবা হোর্হে মেসির পাশে ছিলেন তিনি।
২০২৬ বিশ্বকাপে মেসি ৮টি গোল ও ৪টি অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন। তবে শিরোপা জেতা হয়নি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, পরাজয়ের কষ্ট অনেক বড় এবং সেই ক্ষত সারতে সময় লাগবে।
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি মেসি। তবে ক্লাব ফুটবলে ইন্টার মায়ামির হয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
বিশ্বকাপের পর শিকাগো ফায়ার ও সিএফ মন্ট্রিয়ালের বিপক্ষে ইন্টার মায়ামির দুটি ম্যাচে খেলেননি মেসি। অল-স্টার ম্যাচ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ইন্টার মায়ামির কোচ গুইয়েরমো হোয়োস জানিয়েছেন, মেসি ও রদ্রিগো ডি পলকে মাঠে ফেরানোর বিষয়ে কোনো তাড়াহুড়ো করা হবে না। দীর্ঘ ৫০ দিনের বিশ্বকাপ অভিযানের পর তাদের পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন। শতভাগ প্রস্তুত হলেই তারা খেলবেন।
ইন্টার মায়ামি ইতোমধ্যে নতুন মৌসুম শুরু করেছে এবং এমএলএসে শিকাগো ফায়ার ও মন্ট্রিয়লকে হারিয়েছে। আগামী রোববার দলটি কলম্বাস ক্রুর মুখোমুখি হবে। তবে সেই ম্যাচে মেসি খেলবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
সবকিছু ঠিক থাকলে লিগস কাপে আতলেতিকো সান লুইসের বিপক্ষে ম্যাচে তাকে আবার মাঠে দেখা যেতে পারে। এই প্রতিযোগিতাতেই ইন্টার মায়ামির হয়ে প্রথম শিরোপা জিতেছিলেন মেসি।
গত বছরের মতো এবার অল-স্টার ম্যাচে না খেলায় তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, কারণ ক্লাবের সঙ্গে আগেই বিশ্রামের বিষয়ে সমঝোতা হয়েছিল।